তাইওয়ানে একটি নার্সিং হোমে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২ রোগী প্রাণ হারিয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬০ জন। মঙ্গলবার ভোরে দক্ষিণাঞ্চলীয় তাইনান নগরীতে অবস্থিত নার্সিং হোমটিতে আগুন লাগে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মূলত বয়স্ক এবং বার্ধক্যজনিত কারণে চলাফেরা করতে অক্ষম রোগীদের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় নার্সিংহোমটি।
নিহতদের প্রায় সবাই ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আহতদের নিকর্টবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নার্সিং হোম ভবনটির দ্বিতীয় তলায় প্রথম আগুন ছড়িয়ে পড়ে, কর্তৃপক্ষের ধারণা ভবনের ভাড়ার ঘর থেকেই আগুনের সূত্রপাত হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা সম্ভব হয়নি।
আগুন লাগার দশ মিনিটের মধ্যেই অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। গত কয়েক বছরে তাইওয়ানে এটাই ছিলো কোনো হাসপাতালে সংঘটিত সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের কারণ অনসন্ধানে তদন্ত শুরু করেছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।