|
|
| বঙ্গবন্ধুর ঘাতক ও একাত্তরের যুদ্ধাপরাধীদের ফিরিয়ে নিতে আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল ওয়াশিংটনে |
|
|
বঙ্গবন্ধুর ঘাতক এবং একাত্তরের যুদ্ধাপরাধীদের ফিরিয়ে নেয়া, আন্তর্জাতিক সন্ত্রাসীদের নির্মূল এবং বাংলাদেশ থেকে অর্থ পাচার রোধে যুক্তরাষ্ট্রের কার্যকরী সহায়তা নিয়ে আলোচনার জন্যে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এবং বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ৭ মার্চ ওয়াশিংটন ডিসিতে এসেছেন। বাংলাদেশের উচ্চ পর্যায়ের এ টিম যুক্তরাষ্ট্রে আগমনের সংবাদে কম্যুনিটিতে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদের যুক্তরাষ্ট্র ইউনিট, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাষ্ট্র শাখা, যুক্তরাষ্ট্র যুবলীগ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা গভীর সন্তোষ প্রকাশ করে বার্তা সংস্থা এনাকে বলেছেন, যুক্তরাষ্ট্রে ঘাপটি মেরে থাকা বঙ্গবন্ধুর ঘাতক এবং একাত্তরের যুদ্ধাপরাধীদের ফিরিয়ে নেয়া এবং ইতিপূর্বে চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ পাচারের তথ্য উদঘাটনে যাবতীয় সহায়তা নিতে বাংলাদেশের এ টিম ওয়াশিংটনে এসেছেন। এভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী অঙ্গিকার পূরণে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের উপপ্রধান শেখ মোহাম্মদ বেলাল বার্তা সংস্থা এনাকে জানিয়েছেন, আইনমন্ত্রীর নেতৃত্বে ৩ সদস্যের ঐ টিম সপ্তাহখানেক অবস্থান করবেন এখানে। তারা এখানে অবস্থানকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তাগণের সাথে বৈঠকে মিলিত হবেন। শেখ বেলাল এ রিপোর্ট লেখার সময় (বাংলাদেশ সময় সোমবার সকাল) পর্যন্ত বিস্তাারিত জানাতে পারেননি। নাম প্রকাশে অনিচ্ছুক অপর একটি সূত্র এনাকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র বিচার বিভাগ, হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়, স্টেট ডিপার্টমেন্ট, অর্থ মন্ত্রণালয় এবং হোয়াইট হাউজের উর্দ্ধতন কর্মকর্তাগণের সাথে তাদের বৈঠকের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, বঙ্গবন্ধুর ঘাতক হিসেবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্তত দুইজন পালিয়ে রয়েছেন যুক্তরাষ্ট্রে। এছাড়া একাত্তরের ঘাতক হিসেবে চিহ্নিতদের অন্তত একজন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন।
আরো জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস দমনে আঞ্চলিক টাস্কফোর্স গঠনের যে প্রস্তাব উত্থাপন করেছেন তাকে ফলপ্রসূ করতে যুক্তরাষ্ট্র কীভাবে সহায়তা দিতে পারে এ ব্যাপারে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
|
| |
|
|