Tuesday, September 07, 2010   
  Home Archive Advertisment Contact Us About Us  
কক্সবাজার শহর, টেকনাফ ও উখিয়া এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সোমবার গভীর রাত এবং মঙ্গলবার ভোরে পাহাড় ধসের ঘটনায় নারী, শিশুসহ ৫০ জনের মৃত্যু হয়েছে।        
 
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লড়ছেন শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিক
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড আসন্ন স্থানীয় নির্বাচনে লেবার পার্টির টিকিটে টিউলিপ সিদ্দিকসহ যেসব তরুণ ব্রিটিশ-বাংলাদেশী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের ভূয়সী প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে ক্যামব্রিজ স্নাতক টিউলিপ সিদ্দিক আগামী মে মাসে অনুষ্ঠেয় এ নির্বাচনে ক্যামডেন থেকে লড়ছেন। ক্যামডেন লন্ডনের কেন্দ্রীয় এলাকার একটি বরো। এছাড়া ব্রেন্ট থেকে নাদিম আহমেদ এবং ওয়েস্টমিনস্টার থেকে পাপিয়া কোরেশী লেবার পার্টির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নর্থ ওয়েস্ট লন্ডনের কিলবার্নে আয়োজিত এক অনুষ্ঠানে ব্রিটিশ-বাংলাদেশী ভোটারদের উদ্দেশে মিলিব্যান্ড বক্তব্য দিচ্ছিলেন। গ্লেনডা জ্যাকসন এমপি এবং বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী পারভেজ আহমেদ এ অনুষ্ঠানের আয়োজন করেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দৃঢ় বন্ধনের ওপর আলোকপাত করে বলেন, "দু' দেশের মধ্যে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে। বাংলাদেশী বংশোদ্ভূত অনেক ব্রিটিশ নাগরিক যুক্তরাজ্যে বসবাস করছেন। আমাদের মধ্যে রয়েছে এক চমৎকার অংশীদারিত্ব। "বর্তমানে বাংলাদেশের জন্য যুক্তরাজ্যের সর্ববৃহৎ একশ' কোটি পাউন্ড স্টার্লিংয়ের দ্বিপাক্ষিক সাহায্য কর্মসূচি রয়েছে। গণতন্ত্রকে সংহত করা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, শিক্ষার প্রসার ও মানবাধিকার সংরক্ষণ এবং দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করছে যুক্তরাজ্য।" মিলিব্যান্ড বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গুরুত্ব ক্রমেই বাড়ছে। তবে স্বাধীনতার পর থেকে বিশাল অগ্রগতি সত্ত্বেও দেশটির সামনে অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। তিনি এ প্রসঙ্গে বৈশ্বিক উষ্ণায়নের কারণে বাংলাদেশের বিপদ এবং তা মোকাবেলায় যুক্তরাজ্যের সহায়তার বিষয়টি তুলে ধরেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৯৭ সাল থেকে লেবার সরকার সবচেয়ে বেশি আন্তর্জাতিকতাবাদী প্রশাসনগুলোর একটি এবং তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সম্পূর্ণ নতুন ভিতের ওপর দাঁড় করিয়েছে। আজকের চ্যালেঞ্জগুলো জাতীয় সীমা ছাড়িয়ে আরো বেশি আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমেই কেবল মোকাবেলা করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। মিলিব্যান্ড বলেন, আমি মে মাসে অনুষ্ঠেয় নর্থ ওয়েস্ট লন্ডনে স্থানীয় নির্বাচনে কয়েকজন মেধাবী নবীন বাংলাদেশীর লেবার দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে বিশেষভাবে আনন্দিত। বাংলাদেশী কমিউিনিটি এবং লেবার দলের মধ্যকার সম্পর্ক যে সজীব এবং বিকাশমান এটা তারই প্রমাণ। অনুষ্ঠানের অন্য অতিথিদের মধ্যে ছিলেন এমপি ডন বাটলার, বীরেন্দ্র শর্মা, অ্যাসেম্বলি সদস্য নবীন শাহ, সাবেক এমইপি রবার্ট ইভান্স এবং ম্যারি টার্নার এমবিই।
 
 
 
Canada Office : 71 Highview Avenue, Toronto, ON, M1N 2H4, Phone: 416-699-9833, Toll Free: 1-800-876-4358, Email: info@deshebideshe.com