আফগানিস্তানে এক লাখ কোটি ডলারের খনিজ সম্পদের সন্ধান আফগানিস্তানে বিপুল পরিমাণ খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে। অকল্পনীয় এই খনিজ সম্পদের মূল্য হতে পারে এক ট্রিলিয়ন (এক লাখ কোটি) ডলার। পেন্টাগন ও মার্কিন ভূতত্ত্ববিদদের একটি দল ব্যাপক অনুসন্ধান চালিয়ে আফগানিস্তানে এ খনিজ সম্পদের সন্ধান পেয়েছে। গত শনিবার দ্য নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
খনিজ সম্পদের মধ্যে সোনা, লোহা, তামা, কোবাল্ট ও লিথিয়াম রয়েছে। মার্কিন বিশেষজ্ঞদের ধারণা, এসব খনিজ সম্পদ আফগানিস্তানকে বিশ্বের সবচেয়ে লোভনীয় একটি দেশে পরিণত করতে পারে। এতে পাল্টে যেতে পারে সে দেশের অর্থনীতি ও যুদ্ধের গতিপ্রকৃতি।
প্রতিবেদনে বলা হয়, শিল্পপ্রযুক্তির ক্ষেত্রে লিথিয়ামকে এখন মহামূল্যবান ধাতু মনে করা হয়। আফগানিস্তানে যে পরিমাণ লিথিয়ামের সন্ধান পাওয়া গেছে, এতে দেশটি অচিরেই বিশ্বের খনিজ সম্পদের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। মার্কিন কেন্দ্রীয় সামরিক দপ্তর পেন্টাগনের অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান লিথিয়ামের খনিতে পরিণত হতে পারে। ল্যাপটপ, মোবাইল ফোনের ব্যাটারি তৈরিতে ব্যাপকভাবে ব্যবহূত হয় লিথিয়াম। লিথিয়ামসহ অন্যান্য খনিজ সম্পদ পাওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে সম্প্রতি জানানো হয়।
|
১৩ বছর বয়সে এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড রোমারিওর
মাত্র ১৩ বছর বয়সে মাউন্ট এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড করেছেন এক আমেরিকান বালক। সমুদ্রপৃষ্ঠ থেকে ২৯ হাজার ৩৫ ফুট (৮ হাজার ৮শ ৫০ মিটার) উঁচুতে আরোহণ করে তিনি বিশ্ব রেকর্ড করেন। তার নাম জর্ডান রোমারিও। এর আগে ১৬ বছর বয়সে নেপালের তেমবা শেরী এভারেস্ট শৃঙ্গে আরোহণ করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। জর্ডান রোমারিও বলেন, স্বপ্ন আজ পূরণ হয়েছে। শনিবার বেইলি এভারেস্ট শৃঙ্গে আরোহণ করে নতুন বিশ্ব রেকর্ড করেছে বলে জর্ডান তার ব্লগে উল্লেখ করেছেন। শৃঙ্গে আরোহণের পর সর্বপ্রথম তিনি তার মাকে স্যাটেলাইটের মাধ্যমে ফোন করে খবরটি দেন। জর্ডান ব্লগে লিখেছেন, এভারেস্টে আমার প্রতিটি পদক্ষেপ ছিল জীবনে সাফল্যের শীর্ষে পৌঁছানোর জন্য। জর্ডান জানান, এভারেস্টে তার প্রথম টার্গেট ছিল ৮ হাজার মিটার বা ২৬ হাজার ২শ ৪০ ফুট।
|
ভারতের ম্যাঙ্গালোরে বিমান দুর্ঘটনায় নিহত ১৬০
ভারতের কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালোরে শনিবার সকালে বিমান দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ১৬৩ জন যাত্রী ও ৬ জন কেবিন ক্রুর মধ্যে ১৬০ জন নিহত হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিমানবন্দর কর্মকর্তারা নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, দুবাই থেকে আসা এয়ার ইন্ডিয়ার বোয়িং-৭৩৭-৮০০ একটি বিমান ম্যাঙ্গালোরের বাজপি বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে একটি গ্রামে গিয়ে বিধ্বস্ত হয়। পরে বিমানটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।
কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী ভিএস আচার্য্য বলেন, এ দুর্ঘটনা সবার মাঝে চরম হতাশা বয়ে এনেছে। তিনি বলেন, ১৬০ জন বিমানযাত্রী নিহত হয়েছেন। তবে ৫/৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের অবস্থা আশংকাজনক। হাসপাতালে ভর্তি সবাই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা রোহিত খাতিয়ার জানান, বিমানটিতে সব মিলিয়ে ১৬৯ জন আরোহী ছিল। এর মধ্যে ১৬৩ জন যাত্রী ও ৬ জন কেবিন ক্রু। যাত্রীদের মধ্যে ১৯ শিশু ছিল বলে কর্মকর্তারা জানান।
|
চীনে আবারও খনি বিস্ফোরণে নিহত ১০, নিখোঁজ ১
চীনে আবার খনি বিস্ফোরণে ১০ শ্রমিক নিহত ও এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। আজ চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর দেয়। দক্ষিণ চীনের শানঝি প্রদেশের এক খনিতে গ্যাস বিস্ফোরণ ঘটলে এ শ্রমিকরা নিহত হয়। খবরে বলা হয়েছে, বিস্ফোরণের সময় ৪১ জন শ্রমিক খনিতে কাজ করছিলেন। তার মধ্যে ৩০ জন নিরাপদে বের হয়ে আসতে পারেন। উদ্ধারকর্মীদের উদ্ধার তৎপরতাসহ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত দল কাজ শুরু করেছে।
|
ঘূর্ণিঝড় লায়লা : অন্ধ্র প্রদেশে ১০ জনের মৃত্যু
ঘূর্ণিঝড় লায়লার প্রভাবে সৃষ্ট ঝড়-বৃষ্টিতে ভারতের অন্ধ্র প্রদেশে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।
ভারতের আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় লায়লা ক্রমশ শক্তি বৃদ্ধি করছে এবং ধীরে ধীরে এগুচ্ছে।
পূর্বাভাসে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুরের দিকে ঘূর্ণিঝড়টি অন্ধ্র প্রদেশে আঘাত হানতে পারে। এরপর এটি উড়িষ্যার দিকে এগিয়ে ক্রমশ দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
|
রক্তক্ষয়ী অভিযানের পর ব্যাংকক সেনা নিয়ন্ত্রণে, কারফিউয়ের সময় বৃদ্ধি
- রাতভর অভিযান চালিয়ে বৃহস্পতিবার ব্যাংককের নিয়ন্ত্রণ নিয়েছে থাই সেনাবাহিনী। পাশাপাশি বুধবার রাতে জারি করা কারফিউ আরো তিন রাতের জন্য বাড়ানো হয়েছে।
এর আগে সেনাবাহিনী বিক্ষোভকারীদের অবস্থানস্থলের ব্যারিকেড ভেঙ্গে ঢুকে যায়। বিক্ষোভ দমনের চূড়ান্ত অভিযানে লাল শার্টদের বিভিন্ন আস্তানায় রাতভর অভিযান চালায় থাইল্যান্ডের সেনাবাহিনী। ব্যাংককের একটি মন্দিরে আশ্রয় নেওয়া কয়েকশ\' বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে বৃহস্পতিবার ফাঁকা গুলি ছোড়ে সৈন্যরা। সেখানে বেশ কিছু নারী ও শিশু রয়েছে। রয়টার্সের এক আলোকচিত্রী জানান, মন্দিরে আশ্রয় নেওয়া বিক্ষোভকারীরা গুলির শব্দে ভয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে।
ঘটনাস্থলে কমপক্ষে ছয়টি লাশ দেখেছেন বলে জানান তিনি। এদিকে, এরওয়ান ইমার্জেন্সি মেডিকেল সেন্টারের এক কর্মকর্তা জানান, বিক্ষোভস্থলের মধ্যে অবস্থিত এক মন্দিরের ভিতর নয়টি মৃতদেহ পড়ে থাকার বিষয়ে তিনি জানতে পেরেছেন। তবে উদ্ধারকর্মীরা সেখানে ঢুকতে পারছে না।
রাজধানী ফাঁকা করতে পুরো সপ্তাহই ছুটি ঘোষণা করেছে সরকার।
ব্যাংককের গভর্নরের এক মুখপাত্র জানান, বৃহস্পতিবার সকালে ৩১টি স্থানে আগুন জ্বলছিল। এর মধ্যে প্রায় অর্ধেকই হলো ব্যাংক। এছাড়া একটি বিপণি বিতানও রয়েছে যেখানে কারফিউ জারি করার পর রাত আটটার দিকে (জিএমটি ১৩০০) আগুন ধরানো হয়।
বৃহস্পতিবার সকাল ৬টায় (বুধবার জিএমটি ২৩০০) কারফিউ প্রত্যাহার করার পরপরই বাস চলাচল শুরু করেছে। তবে রেল যোগাযোগ চালু হবে কিনা তা এখনো স্পষ্ট নয়।
|
ব্যাংককে সেনা অভিযানে সাংবাদিকসহ নিহত ৫
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কেন্দ্রস্থল থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দিতে থাই সেনাবাহিনী অভিযান শুরুর পর এখন পর্যন্ত ইতালির এক সাংবাদিক মাইকেল মাসসহ ৪ জন নিহত হয়েছেন। তার পেটে গুলি লাগলে হাসপাতালের নেয়ার পথে তিনি মারা যান। এছাড়া দ্য টাইমসের এক জার্মান সাংবাদিকের কাঁধে গুলি লেগেছে। অন্য এক পশ্চিমা সাংবাদিকের পায়ে গুলি লেগে আহত হন। আজ বুধবার সকাল থেকে এ অভিযান শুরু হয়। শত শত সেনা সদস্য অভিযানে অংশ নেয়। সেনা অভিযান শুরুর আগে লাউডস্পিকারে মাধ্যমে বিক্ষোভকারীদের এখনি ঘটনাস্থল ছেড়ে দেয়ার ঘোষণা দেয়া হয়। ওই সময় লাউডস্পিকারে বলা হয়, এখনি আপনারা ঘটনাস্থল ছেড়ে যান। তা না হলে সেনা অভিযান শুরু করা হবে। এর পরপরই স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে থাই সেনাদের সাজোয়াঁ যান লালশার্ট বিক্ষোভকারীদের তৈরি করা ব্যারিকেড ভাঙ্গতে শুরু করে। সাজোয়াঁ যানের পেছনে অস্ত্রধারী সেনারা ব্যারিকেড ভাঙ্গার জন্য সামনে এগিয়ে যায়। সেনাদের সাজোয়াঁ যান বিক্ষোভকারীদের তৈরি বাঁশের বেড়া, টায়ার চাপা দিয়ে বিক্ষোভের মূলস্থান লুমপিনি পার্কের দিকে অগ্রসর হতে থাকে। এ সময় সেনাদের গুলি বর্ষণের ঘটনাও ঘটে। সেনারা পার্কের উত্তর-পশ্চিম দিক থেকে গুলি করতে করতে বিক্ষোভকারীদের ক্যাম্পের দিকে এগিয়ে যেতে থাকে। অভিযান শুরু হওয়ার পর ওই এলাকায় ঘন ধোঁয়ার সৃষ্টি হতে দেখা যায়।
|
পশ্চিমবঙ্গে রেললাইন উড়িয়ে দিলো মাওবাদীরা
মাওবাদীরা ভারতের ৫টি রাজ্যে দুদিনের ডাকা বন্ধের শেষদিনে পশ্চিমবঙ্গে রেললাইন উড়িয়ে দিয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম মাওবাদীদের প্রতি শান্তি আলোচনার প্রস্তাব দেয়ার একদিন পরেই বুধবার তারা এ রেললাইন উড়িয়ে দিলো। আজ সকালে মাওবাদীরা মেদেনীপুর জেলার ঝাড়গ্রামে স্থলমাইন দিয়ে রেললাইন উড়িয়ে দিলে মালবাহী রেলের দুজন চালক আহত হন।
তখন মালবাহী টাটানগর-খুরদা ট্রেন এ পথ দিয়ে যাচ্ছিল। জানা গেছে, ট্রেনের ইঞ্জিনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
রেল কর্তৃপক্ষ জানায়, মাওবাদীদের ডাকা দুদিনের ধর্মঘটে মাওবাদী অধ্যুষিত ৫টি রাজ্য ঝাড়খন্ড, উড়িষ্যা, বিহার, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গে রেল চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। মাইন বিস্ফোরণে ঘটনাস্থলে ২ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে।
|
গ্যাস মালিকানা নিয়ে শেভরনের দাবি নাকচ
বাংলাদেশের কাছে ২৪ কোটি ডলার দাবি করে শেভরনের করা আবেদন নাকচ হয়েছে।
তেল ও গ্যাস উত্তোলনকারী কোম্পানিটির আবেদন অযৌক্তিক বলে ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপ্যুট\'র তিন সদস্যের ট্রাইব্যুনাল মঙ্গলবার তা নাকচ করে।
এ তথ্য নিশ্চিত করে পেট্রোবাংলা চেয়ারম্যান হোসেন মনসুর বলেছেন, শেভরন চাইলে এখন আপিল করতে পারে।
বিবিয়ানা, মৌলভীবাজার ও জালালাবাদে দেশের ১২, ১৩ ও ১৪ নম্বর গ্যাস ক্ষেত্রের গ্যাসের উৎপাদন-অংশীদারিত্ব চুক্তির একটি বিষয় নিয়ে শেভরন ২০০৬ সালের ১৭ মার্চ এ আবেদন করেছিলো।
চুক্তির একটি ধারায় ছিলো, পাইপলাইন স্থাপনে দুর্ঘটনা এবং বিভিন্ন শুল্ক হিসেবে উত্তোলিত গ্যাসের শেভরনের পুরো অংশের ৪ শতাংশ পাবে পেট্রোবাংলা। এ গ্যাস পেট্রোবাংলা পরিচালিত পাইপলাইনের মাধ্যমে গৃহস্থালির কাজে ব্যবহারের জন্য বাংলাদেশি গ্রাহকদের সরবরাহ করা হয় ।
|
গ্যাস মালিকানা নিয়ে শেভরনের দাবি নাকচ
বাংলাদেশের কাছে ২৪ কোটি ডলার দাবি করে শেভরনের করা আবেদন নাকচ হয়েছে।
তেল ও গ্যাস উত্তোলনকারী কোম্পানিটির আবেদন অযৌক্তিক বলে ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপ্যুট\'র তিন সদস্যের ট্রাইব্যুনাল মঙ্গলবার তা নাকচ করে।
এ তথ্য নিশ্চিত করে পেট্রোবাংলা চেয়ারম্যান হোসেন মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, শেভরন চাইলে এখন আপিল করতে পারে।
বিবিয়ানা, মৌলভীবাজার ও জালালাবাদে দেশের ১২, ১৩ ও ১৪ নম্বর গ্যাস ক্ষেত্রের গ্যাসের উৎপাদন-অংশীদারিত্ব চুক্তির একটি বিষয় নিয়ে শেভরন ২০০৬ সালের ১৭ মার্চ এ আবেদন করেছিলো।
|